ক্রিপ্টো মাইনিংয়ের টুল পরিচয়ে ছাড়া হলো ম্যালওয়্যার

২৬ ফেব্রুয়ারি, ২০২২ ০১:০৬  
প্রযুক্তি জগতে বেশ কিছুদিন ধরে যে কয়টি বিষয় নিয়ে আগ্রহ অনেক বেশি, তার মধ্যে রয়েছে বিদ্যুচ্চালিত গাড়ি, ক্রিপ্টো মুদ্রা, ব্যক্তিগত উদ্যোগে মহাকাশ যাত্রা বা র‌্যানসমওয়্যার-এর মতো বিষয় এর মধ্যে গেমিংয়ের পাশাপাশি ক্রিপ্টো মাইনিংয়ে জনপ্রিয় হয়ে ওঠে এনভিডিয়া’র আরটিএক্স সিরিজ। তবে সম্প্রতি এতে এমন একটি প্রোগ্রাম যোগ করে দেয় প্রতিষ্ঠানটি যার ফলে ওই গ্রাফিক্স কার্ডগুলো ক্রিপ্টো মাইনিংয়ে ব্যবহার অসম্ভব হয়ে পড়ে। এই বাধা উৎরাতে ‘এনভিডিয়া আরটিএক্স এলএইচআর ভি২ আনলকার’ নামে একটি কোড ছাড়া হয় প্রোগ্রামার, সফটওয়্যার লেখক আর এ বিষয়ে উৎসাহীদের কাজ প্রদর্শন ও সংরক্ষণ করার প্ল্যাটফর্ম গিট হাবে। ফলে হার্ডওয়্যার রিভিউয়ে শীর্ষ সাইটগুলোর অন্যতম টম’স হার্ডওয়্যার এবং পিসি গেমারসহ বিভিন্ন সাইটে খবর আকারেও উঠে এসেছে বিষয়টি। তবে শেষ পর্যন্ত দেখা গেছে, এই ক্রিপ্টো মাইনিং টুলটি এর প্রতিশ্রুত কাজ তো করেই না বরং ম্যলওয়্যার ছড়ায়। বিষয়টি প্রমাণ পাওয়া পরপরই টমস হার্ডওয়্যার আপডট খবরে এই ম্যালওয়্যার বিষয়ে সতর্ক বার্তা দিয়ে বলেছে, বিনা পয়সায় অতিরিক্ত সহজ করে দেওয়ার প্রতিশ্রুতি চট করে বিশ্বাস করাটা বুদ্ধিমানের কাজ নয়।